ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজ রোভার স্কাউট, বিএনসিসি, রেঞ্জার ও রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক অনলাইন বেটিং, গ্যাম্বলিং, ফরেন এক্সচেঞ্জ ও ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং এবং হুন্ডি বিষয়ক এক আলোচনা সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ নভেম্বর) রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী এর নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষজ্ঞ আলোচক হিসেবে সরকার ওমর ফারুক, উপ-কমিশনার (সিটিটিসি ও এলআইসি), আরএমপি, রাজশাহী এবং মূখ্য আলোচক হিসেবে ড. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ।
কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনলাইনের বিভিন্ন প্রকার অবৈধ ও অনুমোদনহীন আর্থিক লেনদেন এখন জঞ্জাল হিসেবে পরিগণিত হয়েছে। এর কোন ভালো দিক নেই। আমাদের সবাইকে এ বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে।
অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, অনেকেই না বুঝে অবৈধ অনলাইন লেনদেনের সাথে জড়িয়ে যাচ্ছে, যা পরবর্তীতে ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীদেরকে লেখাপড়া করতে হবে এবং এ বিষয়গুলোতে সচেতন থাকতে হবে। শিক্ষকগণকে তিনি এ বিষয়ে শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে সচেতন করার জন্য অনুরোধ করেন।
বিশেষজ্ঞ আলোচকের বক্তব্যে সরকার ওমর ফারুক বলেন, অনলাইনে এখন নানারকম অপরাধ সংঘটিত হচ্ছে, যা ডার্কওয়েব নামে পরিচিত। এখানে স্মাগলিংসহ বিভিন্ন প্রকার অপরাধ সংঘটিত হয় এবং ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে সেসব অপরাধের লেনদেন সম্পন্ন হয়। বাংলাদেশ সরকার এ বিষয়ে সচেতন রয়েছে। পুরাতন আইনকে হালনাগাদ করে ‘দি গ্যাম্বলিং অ্যাক্ট-২০২৩’ এর খসড়া তৈরি করা হয়েছে। এতে ৩ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
মুখ্য আলোচকসহ অন্যান্য বক্তাগণ অনলাইন বেটিং, গ্যাম্বলিং, ফরেন এক্সচেঞ্জ ও ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং এবং হুন্ডি কার্যক্রম এর নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তাঁরা বলেন সারাবিশ্বে প্রায় ১৮১ বিলিয়ন মানুষ এখন জুয়ায় আসক্ত। বিশ্বে ৩০০০ ক্যাসিনোতে এরা প্রতিদিন মাথাপিছু ৭০ ডলার খরচ করছে। বাংলাদেশেও গ্রাম থেকে শহরে অলিতে গলিতে বিভিন্ন পেশার মানুষএখন জুয়ার সাথে জড়িত। রাষ্ট্র ও সমাজে এটি এখন নেতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ, রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম, বিএনসিসির প্লাটুন কমান্ডার আমিনুল ইসলাম, রেঞ্জার গাইডার জান্নাতুন নেছা, রেড ক্রিসেন্ট উপদেষ্টা আব্দুস সালাম ও আরএসএল ড. জহিরুল ইসলামসহ বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


