ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে আজ অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ । বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল এই দিনে, যখন ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে বীর বাঙালিরা স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। ২৬ শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। আয়োজনটি ছিল ৩টি পর্বে বিভক্ত ।
দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় । দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা । বিচারকার্য শেষে তৃতীয় পর্বে ছিল অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা, আবৃত্তি পরিবেশনা এবং পুরস্কার বিতরণী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান এম এ মান্নান খান। আলোচনার প্রারম্ভে তিনি ৫ ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আক্ষেপ করে বলেন, আজ মুক্তিযুদ্ধের সাম্যের চেতনা মানুষ ধারণ করে না। স্বাধীন দেশে স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করা যায় না। এ কেমন স্বাধীনতা? এ স্বাধীনতা কি আমরা চেয়েছি? পুনরায় স্বাধীনতা অর্জিত হয়েছে এখন এগিয়ে যাওয়ার সময়। দেশ ও জাতিকে বিশ্বের বুকে পরিচিত করানো আমাদের দায়িত্ব। তিনি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্মানিত বিশেষ অতিথি, ইঞ্জিনিয়ার নাজমা রহমান তার বক্তব্যে বলেন, সম্মানিত অতিথি হয়ে সম্মানিত বোধ করছি। প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজকে ৫৪ তম স্বাধীনতার প্রতিপাদ্য হোক সংকল্প ও সমৃদ্ধি নিয়ে এগিয়ে যাওয়া। কোন ব্যক্তি বা দলের আখের গোছানো বা ব্যবচ্ছেদ পরিত্যাজ্য।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বিরাজ আহমেদ বলেন, ৫৪তম স্বাধীনতা দিবসে সত্যিকারের অহংকারে অহংকারী হতে চাই। এই প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন শিমুল মেমোরিয়ান নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অন্তরের আবেগকে চেপে রাখা যায় না তা আপনা আপনি বের হয়ে যায়। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কাজে বিলিয়ে দেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সকল নাগরিকের ঐক্য ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এই হোক আমাদের প্রত্যয়। পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন ।
অনুষ্ঠানের আহবায়ক উপাধ্যক্ষ কামনা রানী স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন তালাইমারি শাখার সহকারি অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলাসহ অন্যান্য অতিথিবৃন্দ, অফিসারস, শিক্ষক ও শিক্ষার্থী ।
পরিশেষে দোয়া ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয় ।


