ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রিমান্ডে নিয়ে আসা আসামী পাপ্পুর দেওয়া তথ্যমতে রিজন (১৭) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড় ঠাকুরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ৬টার দিকে নগরের পুকুরিয়া এলাকার একটি প্রজেক্টের ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৫ জন আসামীকে আটক করেছে। এরমধ্যে পাপ্পু নামের এক আসামীকে ২ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই লাশটি উদ্ধার করা হয়।
আরএমপির দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রিজন পেশায় অটোরিক্সা চালক। কিছু ব্যক্তি তাকে হত্যা করে অটোটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ২৫ মার্চ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ ৫ জন আসামীকে আটক করে। আটকের পর আসামীরা বলেছিল, রিজনকে ঘুমের ওষুধ খাইয়ে গাড়ীতে তুলে দেওয়া হয়েছে। কিন্ত তার কথা বিশ^াস না হওয়ায় রিমান্ডের আবেদন করা হয়।
সরকারী ছুটি পড়ে যাওয়ার কারণে রিমান্ড পাওয়া যায়নি। ছুটি শেষের পর মঙ্গলবার আসামী পাপ্পুর ২ দিনের রিমান্ড পাওয়া গেছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার লাশ কোথায় তারা লুকিয়ে রেখেছিল সেই ঠিকানা দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই লাশটি উদ্ধার করা হয়। লাশটি গলে ও পচে গেছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় নিয়ে আসা হবে।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারি বলেন, আসামীর দেওয়া তথ্যমতেই লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দামকুড়া থানায় মামলা হয়েছে। তারাই আসামী আটক করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


