ধূমকেতু প্রতিবেদক : গত ১৩ এপ্রিল একটি অনলাইন সংবাদমাধ্যম বড়াল নিউজ-এ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য মো: ফরিদুল ইসলাম সাহেব। তিনি বলেন, উক্ত সংবাদের মাধ্যমে তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
মো: ফরিদুল ইসলাম জানান, গত বছরের ৩ নভেম্বর তার চেম্বারে একটি বিষয় মীমাংসা করে দেওয়া হয়। জসিম উদ্দিন পাপ্পু নামে এক ব্যক্তি তার মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৬-৭৬৮৭ নম্বর গাড়িটি তার খালাতো ভাই মো: ইশা’র মাধ্যমে একটি ট্রান্সপোর্টে ভাড়া দেন। গাড়িটিতে ১৬ টন গম ছিলো, যার মধ্যে ১৫ টন গম ড্রাইভার বড়াই গ্রামে এনে অন্য একটি গাড়িতে তুলে কোথাও বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে। বাকি ১ টন গম গাড়ির মালিক নিজেই বিক্রি করেন।
তিনি আরও জানান, সংবাদে উল্লেখ করা হয়েছে যে, তিনি কাউকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বলেও জানান।
মো: ফরিদুল ইসলাম বলেন, “উক্ত মিথ্যা সংবাদের ফলে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম ব্যবহার করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করে, তার দায় আমি নেব না।”
তিনি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে বিভ্রান্তিকর তথ্য অপসারণ ও সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান।


