ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার আমলে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে বার বার মানুষের ভোটাধিকার হরণ করে তিনি বাকশাল কায়েম করেছিলেন। স্বৈরাচার হাসিনা ক্ষমতাকে স্থায়ী ভাবে পাকাপোক্ত করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া ও জেলে পাঠিয়েছিল। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে। এসব অপকর্মের জন্য হাসিনার কঠোর বিচার হওয়া উচিত।
রোববার (২০ এপ্রিল) বিকেলে মিরপুর উপজেলাধীন চিথলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।
মিরপুর ও ভেড়ামারার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, এই দুই উপজেলায় যত উন্নয়ন হয়েছে তা আমার হাত দিয়ে বিএনপি’র সময় হয়েছে। এলাকায় যত কাঁচা রাস্তা ছিল তা সবই আমার সময়ে পাকা করণ করা হয়েছে। এছাড়াও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও এবং একাডেমিক ভবন হয়েছে আমার হাত দিয়ে।
শহীদুল ইসলাম আরও বলেন, স্বৈরচার হাসিনার অহংকার ও পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ‘অস্পষ্ট’ বলে অভিহিত করে তিনি অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেন।
সম্মেলনের উদ্বোধন করেন, মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুজ্জামান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, আবজাল হোসেন, নুরে আল আমিন বুলবুল, বিল্লাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে গোলাপ আলী মেম্বারকে সভাপতি, রফিকুল ইসলাম লালনকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল্লাহেল বাকীকে সাধারণ সম্পাদক, জিহাদ আলী ও মনিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে চিথলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।


