ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এতে সভাপতিত্ব করেন।
সভায় জেলা প্রশাসক জানান, চলতি মৌসুমে আম চাষি, উদ্যোক্তা, আড়তদার ও বাজার ইজারাদারদের মতামতের ভিত্তিতে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হয়নি। যখন আম প্রাকৃতিকভাবে পরিপক্ব হবে, তখনই চাষিরা তা বাজারজাত করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিধিনিষেধ থাকবে না।
সভায় আম উৎপাদন ও বিপণন ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের প্রয়োজনীয়তা এবং সুষ্ঠু পরিবহন ও বাজারজাতকরণের দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি উপপরিচালক ইয়াছিন আলী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আম চাষি, উদ্যোক্তা, আড়তদার ও বাজার ইজারাদারবৃন্দ।
সভাটি চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পে সমন্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে গুরুত্ব পায়। এতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা মতামত ও পরামর্শ প্রদান করেন।


