ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে আলোচিত বিচ্ছেদের পর প্রথমবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হলিউড তারকা ব্র্যাড পিট। সম্প্রতি জিকিউ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আট বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদ শেষ হলেও তা ছিল “কেবল একটি আনুষ্ঠানিকতা”।
ব্র্যাড পিট বলেন, “দীর্ঘ আইনি লড়াই শেষে বিচ্ছেদ সম্পন্ন হলেও এতে বিশেষ কোনো অনুভূতি হয়নি। এটি মানসিকভাবে কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত শুধু প্রক্রিয়ারই সমাপ্তি ঘটেছে।”
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে প্রেম, এরপর ১০ বছর একসঙ্গে বসবাস, সন্তানদের অনুরোধে বিয়ে এবং ২০১৬ সালে জোলির বিচ্ছেদের আবেদন—সবই যেন এক রূপকথার ভাঙা অধ্যায়।
২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ আইনিভাবে চূড়ান্ত হয়। এরপর জোলির টিম থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সন্তানদের মানসিক শান্তি ও সুস্থতার কথা ভেবেই তিনি দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে গেছেন।
ব্র্যাড পিট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, “৩০ বছর ধরে আমার জীবন সংবাদমাধ্যমের নজরদারিতে রয়েছে। এটা খুব বিরক্তিকর ছিল।” তবে এখন তিনি অনেক বেশি স্থির এবং আত্মবিশ্বাসী বলেও জানান।
বিচ্ছেদের পর সন্তানের সঙ্গে ব্র্যাডের সম্পর্কেও টানাপোড়েন দেখা যায়। জানা গেছে, তাঁদের ছয় সন্তানের মধ্যে তিনজন পিট পদবি বাদ দিয়েছেন।
বর্তমানে গয়না ডিজাইনার ইনেস ডি র্যামনের সঙ্গে সম্পর্কে আছেন ব্র্যাড পিট। সম্পর্ক নিয়ে ব্র্যাড জানান, “ইনেসের সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। এতে কোনো চাপ নেই। ইনেসের উপস্থিতি আমাকে শান্তি দিয়েছে।”
এছাড়া চলতি বছর ব্র্যাড অভিনীত ফর্মুলা ওয়ানভিত্তিক সিনেমা ‘এফ১’ মুক্তি পাবে ২৫ জুন। তিনি আরও যুক্ত হয়েছেন নতুন অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’-এ, যেটি মুক্তি পাবে ২০২৬ সালে।


