ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ৫৭ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফজলে রাব্বী হৃদয় (২৩)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৮ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামের রহিদ মোল্লার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৫৭ কেজি গাঁজাসহ মোঃ ফজলে রাব্বী হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় অপর অভিযুক্ত পুঠিয়ার মাদককারবারি মোঃ আব্দুর রহিম মোল্লা কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


