ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: হাইয়ুল রশিদ ওরফে রিংকু (২৫) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ৯ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো: মেহেদী মাসুদের নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল সাড়ে ৫ টায় চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হাইয়ুল রশিদকে ২০০ ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


