ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মরহুম রফিকুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বড়বিহানালী উচ্চবিদ্যালয় মাঠে প্রথমবারের মতো আয়োজিত স্মৃতি টুর্নামেন্টে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ফাইনাল ম্যাচে ব্যাচ ২০-এর শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্সআপ হয় ব্যাচ ২৪-এর শিক্ষার্থীরা।
খেলার ধারাভাষ্য ও পরিচালনায় ছিলেন সাকিব, হাদিউজ্জামান রাফি এবং ফাইসাল, যাদের কুশল ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ব্যাচ ২০-এর তারকা খেলোয়াড় হাসান আলী, যিনি টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন।
খেলা শেষে বক্তব্য রাখেন বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন,তিনি বলেন, এমন আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে। মরহুম রফিকুল ইসলামের স্মৃতিকে সম্মান জানিয়ে এমন টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
আয়োজক কমিটির অন্যতম সদস্য হাদিউজ্জামান রাফি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রথমবারেই সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের ইচ্ছা রয়েছে।
উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মাহফুজুর রহমান ফরিদ, এবং বড়বিহানালী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোরশেদ আলম বাবু, বড়বিহানালী টেকনিক্যাল স্কুলের শিক্ষক সাইদুর রহমান টিপু সহ বিশিষ্টজনরা।


