ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আব্দুল হামিদ মণ্ডল (৬৮)। তিনি বড়পই গ্রামের মৃত উদয় মণ্ডলের ছেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন আব্দুল হামিদ মণ্ডল বলেন, আজ বৃহস্পতিবার সকালে কাজের লোকজন নিয়ে আমার ভোগদখলীয় জমিতে হলুদ লাগানোর কাজ করছিলাম। ওই জমির পানি নিষ্কাশনের জন্য কাজের লোক একটি ড্রেন কেটে বেলালের জমিতে দেয়।
এনিয়ে বেলাল হোসেন, তার ছেলে সাগর ও সৈকত সেখানে গিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা আমার ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের মারধরে আমি গুরুতর জখম হই। পরে কাজের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের বেলাল হোসেন মণ্ডল সঙ্গে বিরোধ চলছিল। এসব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় মান্দা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত বেলাল হোসেনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#


