ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ছাগলে ফসল নষ্ট করার অভিযোগ দেয়ায় প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষার্থী মেয়েসহ মা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার রামরায়পুর গ্রামের আলাউদ্দীনের স্ত্রী উম্মে হেনা সোমবার (১৬ জুন) তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার বিকালে অভিযুক্ত শামসুল আলমের ছাগল প্রতিবেশী উম্মে হেনার মরিচ খেতে ঢুকে ফসলের ক্ষতিসাধন করে। এ সময় উম্মে হেনা ছাগলটি তাড়িয়ে দিয়ে বিষয়টি তাদেরকে জানান। এতে পূর্ব শত্রুতার জেরে রামরায়পুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শামসুল আলম, শামসুল আলমের স্ত্রী রেমা খাতুন ও তার মা সাবিনা বেগম ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠিসোটা নিয়ে ওই মরিচ খেতে ঢুকে উম্মে হেনাকে বেদম মারপিট করতে থাকে। এতে তার ঠোঁট, মাথার ডান পাশের্^, হাতের আঙুলে ও পায়ে আঘাত লেগে জখমপ্রাপ্ত আহত হন।
মায়ের ডাক চিৎকার শুনে কলেজছাত্রী জান্নাতুন ফেরদৌস তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকেও বেদম মারপিট করে গলায় থাকা একটি সোনার চেন ছিনিয়ে নেয়।
স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। অভিযোগ পাবার সত্যত্যা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#


