ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়রা বিলের মধ্যে কচুরিপানার ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গলাকাটা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে পচন ধরেছে, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
ওসি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


