ধূমকেতু প্রতিবেদক, তনোর : রাজশাহীর তানোরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর রেজিস্ট্রি ছাড়াই বিয়ে দিয়েছেন মেম্বার বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার চান্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামে ঘটে বিয়ের ঘটনাটি।
এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণে অবস্থিত টপার নামক কোচিং সেন্টারে ছেলে মেয়েকে আটক করে স্থানীয়রা। আটকের পর ইউনিয়ন পরিষদে সালিশ বিচার হয়। সালিশ করেন ইউপির প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে মেজর ও মেম্বার তাহাসেন। তবে সালিশ বিচার এক তরফা হওয়ার কারণে ওই স্কুল পড়ুয়া ছাত্রী ছেলে শিশির মাহমুদের বাড়িতে বিয়ের দাবি করে অনশন শুরু করেন। বাধ্য হয়ে রাতৈল গ্রামের মেম্বার তাহাসেন ও মুখলেস এবং জয়নাল মিলে শুক্রবার রাতে বিয়ে দিয়ে দেয়। তবে মেয়ের বয়স না হওয়ার কারণে কাজী রেজিস্ট্রি করেননি।
জানা গেছে, ইউপির রাতৈল গ্রামের দুলাল জোসেনের ছেলে শিশির মাহমুদ (১৮) একই ইউপির স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে প্রেমিক প্রেমিকা গত বৃহস্পতিবার টপার কোচিং সেন্টারে প্রেম লীলার সময় স্থানীয়রা আটক করে তাদের। আটকের পর ইউনিয়ন পরিষদে সালিশ বিচার হয়। কিন্তু ছেলের পক্ষ নিয়ে সালিশ বিচার করে প্যানেল চেয়ারম্যান মিজানসহ মেম্বারেরা।
স্থানীয়রা জানান, ছেলের পিতার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। সালিশের সময় ইউনিয়ন পরিষদ মেয়ের মা কান্না করতে করতে এসে ন্যায় বিচারের দাবি করে ব্যর্থ হয়। কিন্তু ওই স্কুল ছাত্রী নানা কারণে বাধ্য হয়ে বিয়ের দাবিতে অনশন করে।
চান্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড মেম্বার রাতৈল গ্রামের তাহাসেন জানান, মেয়ে বিয়ের দাবিতে অনশন করে। তাকে কোনভাবেই বাড়িতে পাঠানো যায়নি। এজন্য উভয় পরিবারের পরামর্শে ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেয়া হয়। বিয়ে রেজিষ্ট্রি হয়নি কেন জানতে চাইলে তিনি জানান, মেয়ের বিয়ের বয়স হয়নি এজন্য কাজী বিয়ে রেজিষ্ট্রি করেননি। শুধু গ্রামের ইমামকে দিয়ে কালেমা পড়ানো হয়েছে। বয়স হয়নি কিভাবে বিয়ে হয় প্রশ্ন করলে উত্তরে জানায় কোন উপায় ছিল না।
ইমাম রইচ উদ্দিন ওরফে নয়ন জানান, বিয়ের বিষয়ে মেম্বার ও মুকলেস এবং জয়নাল ভালো বলতে পারবে। বয়স হয়নি আপনি কালেমা কিভাবে পড়ালেন জানতে চাইলে, তাদের উপর দায় চাপিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।


