ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি বাজারে একটি ব্যক্তি মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাত ১১টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কাযার্লয়ে ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এতে নেতৃত্ব দেয় শহিদুল ইসলাম। তার সঙ্গে ছিলো ডলার, সবুরসহ আর ১০ থেকে ১২ জন। সেখানে থাকা ১টি এলইডি টিভি, ৪ টি অফিসিয়াল চেয়ার, ১৪ টি প্লাস্টিকের চেয়ার, ১টি সিলিং ফ্যানসহ বাল্ব ও অন্যান্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।
বাঙ্গাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের সভাপতি রমজান আলী বলেন, শুক্রবার রাতে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বাঙ্গাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার অফিসে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এটা একটি সামাজিক সংগঠন। নিজস্ব অথার্য়নে চলে। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে গরীব অসহায়দের সহযোগীতা করা হয়। তারা যেটা করেছে। সেটা খুব দুঃখজনক। এটা আমাদেরকে পীড়া দিয়েছে। যে বা যারা এটা করেছে। তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এছাড়া প্রতি মূহূর্ত আমাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। কারণ বর্তমানে ‘মব’ কালচার চলছে। কখন জানি আমাদের উপরে হামলা করে মেরে ফেলবে।
এদিকে, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শহিদুল ইসলামের সন্ত্রাসী বাহিনী। তাদের কাজ হচ্ছে লুটপাট, ভাংচুর ও চাঁদাবাজি করা।
এ বিষয়ে বক্তব্য নিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল ওদুদ জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।


