ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক একটি দিনব্যাপী কমিউনিটি স্কুল। রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় উন্নয়ন সংগঠনগুলো অংশগ্রহণ করে।
উদ্দেশ্য ছিল—জলবায়ু পরিবর্তন ও লিঙ্গভিত্তিক বৈষম্যের পারস্পরিক সম্পর্ক অনুধাবন এবং এর সমন্বিত সমাধান খুঁজে পেতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা।
প্রশিক্ষণের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিইব-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক সুরাইয়া বেগম। তিনি অংশগ্রহণমূলক পদ্ধতিতে ইন্টার্যাক্টিভ গেম ও দলীয় কাজের মাধ্যমে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার মৌলিক ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অংশ নেয় রাজশাহীর বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা, যেমন—বারসিক (BARCIK), কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা, রাজশাহী সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, LOFS বাংলাদেশ এবং ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক। তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানান—এই ধরনের প্রশিক্ষণ তাদের কাজের ক্ষেত্রকে আরও জেন্ডার ও জলবায়ু সংবেদনশীল করে তুলবে।
বিশেষ অতিথি ছিলেন রোসা লাক্সেমবার্গ স্টিফটুং (RLS)-এর প্রোগ্রাম ম্যানেজার ভিনোদ কষ্টি। তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা শারমিন। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কীভাবে সমন্বিতভাবে কাজ করে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতার বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে সে বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সরকারি কাঠামোর সঙ্গে বেসরকারি প্রচেষ্টাকে যুক্ত করে মাঠপর্যায়ে কার্যকর পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সুপারিশ দেওয়া হয়, যাতে তারা নিজেদের চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার চর্চা নিশ্চিত করে।
পুরো প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে পরিচালনায় সমন্বয় করেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান এবং এনিমেটর অপু রাম দাস। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্ব পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের অভিমত সংগ্রহ করেন।
কমিউনিটি স্কুলটি স্থানীয় উন্নয়নকর্মীদের জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকদের প্রত্যাশা।


