ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উৎসব মূখর পরিবেশে পালিত হলো সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব।
এ উৎসব উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) নাটশাল মাঠে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে দিনব্যাপী আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিকাল ৪ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডী।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
প্রধান বক্তা ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল রাজোয়ার।
বিশেষ অতিথি ছিলেন, কড়িদহ বিএমটি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আজাদুল ইসলাম আজাদ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: ফরিদুল ইসলাম।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কী, মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নয়ন পাহান, মহাদেবপুর উপজেলা নারী পরিষদের সভানেত্রী নীতি রানী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিপঙ্কর লাকড়া ও সন্ধ্যা মার্ডী। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


