ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অবসর ও মৃত্যুজনিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায়ী ও মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ আয়োজন করে। সংবর্ধনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট এবং নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
অবসরে যাওয়ার পর মৃত শিক্ষকদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা এ সংবর্ধনা গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম।
উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির উপদেষ্টা ও জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান, খাঁপুর হাজী ধনেজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ইমন।
সমিতির সদস্য সচিব ও রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, বকাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইয়াচিন আলী, চান্দাশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম, সমিতির সাবেক সম্পাদক ও চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফারুক প্রমুখ।#


