ধূমকেতু নিউজ ডেস্ক : এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে ‘অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার’ অভিযোগে মামলা করেছেন এক পোশাক ব্যবসায়ী।
রাব্বি টেক্সটাইলের স্বত্ত্বাধিকারী ইলিয়াস মিয়া গত ২০ আগস্ট সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই আরেকটি কোম্পানি বলে বাদী দাবি করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা বিভিন্ন সময়ে বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে কাপড় নিয়েছিলেন। ২০১৯ সালের ৪ অগাস্ট তারা ২০ হাজার গজ কাপড় ডেলিভারি নেন, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলসি না খুলে টালবাহানা করতে থাকেন।
এরপর রাব্বি টেক্সটাইলের মার্কেটিং অফিসার নাজিম মৃধা ও সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইমদাদ রাসেলের কাছ থেকে ডেলিভারির মূল চালান মি. এ জলিলের নির্দেশে অডিটর আব্দুর রহিম জোর করে রেখে দেন। চালানের মূল কপিগুলো চাইলে অডিটর নানা রকম টালবাহানা করে দিতে অস্বীকৃতি জানান। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, রাব্বি টেক্সটাইলের মার্কেটিং দলের লোকজন একাধিকবার অফিসে ঢুকতে গেলে নানা অজুহাত দেখিয়ে বাধা প্রদান করেন এবং মারধর করার হুমকি দেন। ডেলিভারি করা ২০ হাজার গজ কাপড়ের মূল্য ৮ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা। বাদী ইলিয়াস মিয়া দাবি করেছেন, এই টাকা আসামিদের কাছে পাওনা।
এদিকে মুনির ও আকরাম ইতোমধ্যেই ঢাকার বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে গেছেন বলে তাদের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান জানিয়েছেন।


