ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি নেতা স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পর ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার ২য় দফা নামাজে জানাজা শেষে তার বাবার বাড়ি রাজশাহীর হেতেমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজায় শ্বশুর গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলীম ও স্বামী গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি হামিদসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
এরআগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই বিএনপি নেতার বাড়ি সংলগ্ন একটি মিলচাতালে তার প্রথমদফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতেই তার লাশ বাবার বাড়ি রাজশাহীতে পাঠানো হয়।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি নেতা গনি হামিদের বাসায় তার স্ত্রী বিলকিস আক্তার (৩৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেও তার পরিবারের লোকজন ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে দাবি করে লাশের ময়নাতদন্ত করতে দেয়নি বলে অভিযোগ রয়েছে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, দুই পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি স্বাভাবিক দাবি করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।


