ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মদপান করে ৬ জনের মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটন হয়েছে। বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করা মদপান করেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ৬ যুবকের মৃত্যু হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গেল শুক্রবার রাতে মদপান করা তিন যুবক রামেক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর রোববার রাতে বিষয়টি অনুসন্ধানে নামে মহানগর পুলিশ। অভিযানে আটক করা হয় চার মদ বিক্রেতাকে। এরা হলো নগরীর সাগর পাড়া এলাকার পরিমল (৬০), একই এলাকার রাজু (৩০), বাপ্পা সিং (২৮) ও সিপাইপাড়া এলাকার ইফতেখায়ের হোসেন ওরফে সুমন (৫০)।
আটকের পর জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করে অতিরিক্ত লাভের আশায় বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করে ওই ৬ যুবকের কাছে বিক্রি করা হয়। অসুস্থ ও মৃত যুবকদের ছবি দেখানো হলে তারা মৃতদের কাছে মদ বিক্রির বিষয়টিও স্বীকার করে।
এদিকে আটকের পর পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩টি কাঁচের তৈরি মদের খালি বোতল, টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ ভর্তি ১ টি প্লাস্টিকের তৈরি বোতল, তেতুলের বিচি ভর্তি ১ টি কাঁচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রং, ২৯ টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১ টি কর্কের নিব ও ৫০ টি কর্কের প্রটেকশন, এ্যাকোহল ভর্তি ২ টি প্লাস্টিকের সাদা বোতল উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এরআগে গেল শুক্রবার দিবাগত রাতে রাহশাহীর হোসনিগঞ্জ এলাকায় একই সাথে ৬ যুবক মদপান করে। পরে তারা অসুস্থ্য হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও শনিবার বিকেলে মারা যান আরো একজন। এছাড়াও রোববার মারা যান আরো দুইজন। এ নিয়ে রাজশাহীতে মদপান করে ৬ জনের মৃত্যু হয়েছে।


