ধূমকেতু নিউজ ডেস্ক : মস্কো ও কিইভের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহে ফ্লোরিডার মায়ামি শহরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন। বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদপত্র পলিটিকো।
সংবাদপত্রটি জানায়, স্পর্শকাতর এই বৈঠক নিয়ে আলোচনার শর্ত হিসেবে উভয় সূত্রই পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্যোগ সাম্প্রতিক সময়ে হোঁচট খাওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেইনের ওপর ছাড় দেওয়ার জন্য চাপ জোরদার করেছে, যাতে একটি সমঝোতায় পৌঁছানো যায়। তবে এই পরিকল্পনার কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি এবং রাশিয়া তাদের দাবিগুলো থেকে খুব বেশি সরে আসেনি।
পলিটিকো লিখেছে, যদি দুই দেশের কর্মকর্তারা আগামী রোববার বৈঠকে মিলিত হন, তাহলে ট্রাম্প প্রশাসন রুশ কর্মকর্তাদের সঙ্গে সর্বশেষ আলোচনার অগ্রগতি তুলে ধরতে পারবে। পরিকল্পিত বৈঠকের বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদপত্রটিকে জানান, রাশিয়ার প্রতিনিধি দলে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলে থাকবেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
তবে এ বৈঠক নিয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে পলিটিকো জানিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বার্লিনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেইনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে কিইভের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা, ভূখণ্ডগত ছাড় এবং অন্যান্য প্রস্তাবের বিষয়ে ইউক্রেইন ও ইউরোপীয় পক্ষকে রাজি করানোর চেষ্টা করা হয়।
যুক্তরাষ্ট্র ইউক্রেইন যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্য অর্জনে কিইভের ওপর ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নেটো সদস্যদের দেওয়া প্রতিশ্রুতির অনুরূপ একটি পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তা ইউক্রেইনকে প্রস্তাব করেছে। একই সঙ্গে ইউক্রেইনও অবিলম্বে নেটোতে যোগ দেওয়ার দাবি থেকে সরে এসেছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, চূড়ান্ত কোনো চুক্তিতে রাশিয়া ইউক্রেইনের ক্ষেত্রে পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা এবং দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়টি মেনে নিতে পারে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরই বলে আসছেন, ‘সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেইনের অস্তিত্বের অবসান ঘটানোই তার একমাত্র ইচ্ছা’। বুধবার মস্কোতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেওয়া পুতিনের সর্বশেষ মন্তব্যেও তার অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।


