ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের সারতা সাড়াসন মাঠে গতকাল রবিবার বিকেল ৫ টায় এ সারতা সাড়াসন গ্রামবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলে হুদা বাবুল।
গ্রামীণ ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষের আগমন ঘটে।
এ উপলক্ষে সেখানে দিনব্যাপী মেলা বসানো হয়। মেলায় বিভিন্ন লোকজ, গ্রামীণ ঐতিহ্য, খেলনা, মন্ডা-মিঠাইসহ বিভিন্ন দোকান বসে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।


