ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জোরপূর্বক গাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সোহেল রানাগং এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামে। স্থানীয় সূত্র জানায়, শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে মকলেছার রহমান দীর্ঘদিন আগে তার বসত বাড়ির পার্শে কিছু জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন।
গত মঙ্গলবার সকালে শিবরামপুর (দালালপাড়া) গ্রামের মৃত নছর উদ্দীনের ছেলে আঃ ওয়াহেদ, মৃত তমছের উদ্দীন ছামছীর ছেলে মমতাজ হোসেন ছামছী, আঃ ওয়াহেদের ছেলে নওশীর আলী ২০/২৫ জন লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মকলেছার রহমান ও তার ভাবী আমেনা খাতুনকে মারপিট করে ওই জমিটি দখলের চেষ্টা করে।
এ ঘটনায় মকলেছার রহমান মঙ্গলবার বিকালে থানায় লিখিত অভিযোগ দিলে পরদিন বুধবার সকালে ওয়ার্ড বিএনপির সম্পাদক শিবরামপুর দালালপাড়া গ্রামের ইসমাঈল হোসেন মালির ছেলে সোহেল রানাসহ উপরোক্ত আসামীরা জমিতে থাকা বেলগাছ, আমগাছ কেটে ফেলে আবারও জমিটি দখলের চেষ্টা করে।
এ সময় মকলেছার রহমান ও তার পরিবারের লোকজন প্রাণভয়ে বাড়িতে পালিয়ে থাকলে সেখানেও দুবৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরের চেষ্টা চালায়। এ বিষয়ে সোহেল রানা গাছপালা কর্তন ও জমি জখলের অভিযোগ স্বীকার করে বলেন, তার চাচা আঃ ওয়াহেদের সাথে জমি নিয়ে মকলেছার রহমানের বিরোধ আছে। সে কারনেই তারা জমিটি দখলের চেষ্টা করেছেন।
মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#


