ধূমকেতু প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজ নির্বাচনী এলাকা রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তাঁর এমন প্রাণবন্ত উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
সকাল ১০টা বাজার আগেই রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে তাঁদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় উপস্থিত অনেকেই ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেন মিজানুর রহমান মিনু। দীর্ঘ আড়াই ঘণ্টা সময় ধরে তিনি মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। সাধারণ মানুষের সাথে তাঁর এই নিবিড় যোগাযোগ আবারও প্রমাণ করল যে তিনি মাটির কাছাকাছি থাকা একজন নেতা।
উপস্থিত সবার উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর মাটি ও মানুষের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য, যেন সাধারণ মানুষকে কোনো হয়রানির শিকার হতে না হয়।
তিনি আরও উল্লেখ করেন যে, রাজশাহীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। মন্ত্রী হিসেবে তাঁর এই যাত্রা যেন সফল হয়, সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং জুমার নামাজের বিরতি নিয়ে তিনি সকালের এই গণসংযোগ কর্মসূচির সমাপ্তি টানেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


