ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ইসলামী জালশায় নবাগত এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে বিএনপির একটি অংশের কয়েকজন দুর্বৃত্বের হামলায় এরশাদ আলী নামের একব্যাক্তি নিহত হয়েছেন। উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী(৬০) সিপাইপাড়া ওয়ার্ড বিএনপির সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি নবাগত সংসদ সদ্য আবু সাইদ চাঁদের অনুসারী। তিনি ওই গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করেছে। আগামীকাল লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম।
নিহতের পারিবারিক সূত্রে ও পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এসময় এক পক্ষ বিএনপি নেতা জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জলকে প্রধান অতিথি করতে চাই। আর অন্য পক্ষ চায় বর্তমান এমপি আবু সাই চাঁদকে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়।
এরপর রাত ১০টার দিকে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই সময় জালাল নামের এক ব্যাক্তির চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের আপন চাচাত ভাই সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন। তারা এরশাদ আলীকে দেখতে পেয়ে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। এরশাদ আলীর বাড়ের পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।


