ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে..” বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ষড় ঋতুর যে বর্ণনা উঠে এসেছে তার অন্যতম ঋতু বসন্ত। শীতের শেষে আমের গাছে গাছে মুকুল দেখা দেয়। বসন্তে আম বাগানে মুকুলের যে ঘ্রাণ তা সত্যিই পাগল করে আমাদের। এখন বসন্ত কাল। রংপুরের তারাগঞ্জ উপজেলার গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং হালকা শীতের প্রভাবে এ বছর স্বাভাবিক সময়ের আগেই আমগাছে মুকুল দেখা দিয়েছে। এরফলে এই অঞ্চলে আগাম আম উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষিবিদরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,অত্র উপজেলায় ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ গাছে মুকুল এসেছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীবা রানী বলেন, আমরা আম চাষীদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি , কোন গাছে কখন কি পরিচর্যা করতে হবে সে ব্যাপারে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে চাষীদের যার ফলে“আমাদের উপজেলায় উন্নত জাতের আম চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন । অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।”
আগাম মুকুলে ইতোমধ্যেই সুবাস ছড়িয়েছে তারাগঞ্জের গ্রামাঞ্চলে। প্রকৃতি সহায় থাকলে এ বছর আম চাষিদের মুখে ফুটতে পারে প্রশস্ত হাসি।


