ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি দোকানে অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের অপর একটি দোকানের পেছনে ৮ লিটার পেট্রল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দোকানদার অভিযোগ অস্বীকার করায় তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে পেট্রল পাম্পগুলোতে আসা লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ৪টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।




