ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায় বন্ধে দলিল রেজিস্ট্রির সরকারি মূল্য তালিকা প্রকাশ্যে টাঙানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। একই সঙ্গে তিনি অফিস ও দলিল লেখক সমিতিকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন।
বৃহস্পতিবার সকালে ডা. আব্দুল বারী সরদার ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনে গিয়ে সাব-রেজিস্ট্রার, কর্মকর্তা ও দলিল লেখকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দলিল নিবন্ধনে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, সরকারি নির্ধারিত ফি-এর তালিকা ‘সিটিজেন চার্টার’ হিসেবে অফিসে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই নির্ধারিত খরচ সম্পর্কে জানতে পারেন এবং অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ না থাকে।
পরে দলিল লেখক সমিতির নেতা ও সাধারণ দলিল লেখকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আপনারা আপনাদের পারিশ্রমিক নির্ধারণ করে তালিকা আকারে টাঙিয়ে রাখবেন। তাহলে মানুষ সহজেই জমি রেজিস্ট্রি করতে পারবে। কোনো বিশৃঙ্খলা হবে না। দয়া করে গলাকাটা ফি নেবেন না।
তিনি আরও বলেন, একটি পক্ষকে খুশি করার জন্য সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয় এমন অভিযোগ ও প্রমাণ রয়েছে। এসব বন্ধ করতে হবে। দলিল লেখক সমিতিকে চাঁদাবাজমুক্ত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
এসময় তিনি দ্রুত গণতান্ত্রিক উপায়ে দলিল লেখক সমিতির নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান। পাশাপাশি ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতিকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত দলিল লেখকেরাও সংসদ সদস্যের বক্তব্যের প্রতি সমর্থন জানান।
এ সময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল মজিদ, সেক্রেটারি ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, জামায়াত নেতা আব্দুস সালামসহ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয় বিএনপিপন্থী দলিল লেখকেরা সমিতির নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ সময় অফিসে জমি নিবন্ধনসহ বিভিন্ন সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গত ৩১ এপ্রিল সেবাগ্রহীতারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।


