ধূমকেতু প্রতিবেদক, বাঘা : যাত্রীদের দীর্ঘদিনের দাবির পর বাঘা থেকে ঢাকা রুটে সরাসরি চলাচল শুরু করলো যাত্রীবাহী বাস সার্ভিস ‘সি লাইন’। শুক্রবার(২২-০৫-২০২৬) সন্ধ্যার আগে বাঘা বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে নতুন বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন এবং সি লাইনের স্বত্বাধিকারী সেলিম হোসেন।
নতুন সার্ভিসে বাঘা থেকে ঢাকা রুটে-ভোর ৪টা,সকাল সাড়ে৭টা,সকাল সাড়ে ৯টা,দপুর সোয়া ২টায় ও রাত্রি পৌণে ১০ টা থেকে নিয়মিত বাস চলাচল করবে। মালিক পক্ষ জানিয়েছে, বাঘা থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৮০০ টাকা। তবে ঈদের এক সপ্তাহ পর যাত্রীদের সুবিধার্থে ভাড়া কিছুটা কমানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সৌখিন মৎস্য শিকারি দুলাল হোসেন, সি লাইনের জিএম রফিকুল ইসলাম, এজিএম আলম খান, কাউন্টার মাস্টার আবু বাক্কার সিদ্দিক(বুদু), বাঘা বাস মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন,পরঈ চিকিৎসক আলতাফ হোসেনসহ পার্শ্ববর্তী কাউন্টার মাস্টার ও স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুর ইসলাম
স্বত্বাধিকারী সেলিম হোসেন বলেন, “বাঘাবাসীর যাতায়াতের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ। নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”
বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, “এই সার্ভিস চালু হওয়ায় বাঘার মানুষ দূরপাল্লার রুটে সহজে যাতায়াত করতে পারবে। ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।”
নতুন বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। টিকিট বুকিংয়ের জন্য বাঘা বাসস্ট্যান্ডস্থ সি লাইন কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।##



