ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সঙ্গে এক গুরুত্বপূর্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী–-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
সভায় মসজিদভিত্তিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার, এবং শিক্ষক-কেয়ারটেকারদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একটি আদর্শ জাতি গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম অপরিহার্য। সমস্যা হলো বর্তমান প্রযুক্তিনির্ভরতায় শিশু-কিশোরদের মোবাইল ও অনলাইন আসক্তি; তাই তাদের এই ধাক্কা থেকে দূরে রেখে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. মুহাম্ম্দ ওয়ায়দুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মুহাম্মদুল্লাহ প্রমুখ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এ দিন সকাল সাড়ে ৭টায় অধ্যাপক মো. মুজিবুর রহমান রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গোদাগাড়ী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, জরুরি সেবা ও জননিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ফায়ার সার্ভিসকে জনগণের জন্য অত্যন্ত জরুরি একটি সেবা প্রতিষ্ঠান হিসাবে উল্লেখ করে বলেন, “দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে দ্রুত, দক্ষ ও মানবিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা আরও দায়িত্বশীলভাবে কাজ করবেন।”
তিনি আরও বলেন, জনসাধারণকে ফায়ার সার্ভিসের সেবা, অ্যাম্বুলেন্স সুবিধা ও জরুরি যোগাযোগব্যবস্থা সম্পর্কে সচেতন করা প্রয়োজন, যাতে প্রয়োজনীয় সময় সহজে সহায়তা পাওয়া যায়। পরিদর্শনে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, স্টেশন সাব-অফিসার রকিবুজ্জামান সরকারসহ অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



