ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে আজ সোমবার। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হবে।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে সম্পৃক্ত করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে—
১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়
১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ
৯ হাজার ২৬৮টি মাদ্রাসাপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।



