ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে জমি লিখে না দেয়ায় শচিন (৩৫) নামের এক সংখ্যালঘু ব্যাক্তিকে নিজ বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে মারধরসহ প্রান নাশের অভিযোগ উঠেছে এক দল ব্যাক্তির বিরুদ্ধে। পরে পুলিশ ও স্থানীয়রা শচিনকে আহত অবস্থায় উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার দিনগত মধ্য রাতে উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শচিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, আমার নিজের নামে পাটিয়াকান্দী বাজারে ১৩ কাঠা জমি রয়েছে। দীর্ঘদিন ধরে একই এলাকার সাহাবুল,আবু শামা,নজরুল, আশরাফ ও রিমনসহ একটি সিন্ডিকেট আমার নিজ নামের ওই ১৩ কাঠা জমি জোর করে রেজিষ্ট্রি করে নেবার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা দলবল নিয়ে আমাকে বাড়ী থেকে মুখে গামছা ঢুকিয়ে জোর করে তুলে নিয়ে যায় জনৈক ব্যাক্তি পুকুর পাড়ে। এসময় তারা আমাকে মারপিট করে মারা গেছে ভেবে পুকুরের মানিতে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থল গিয়ে আমাকে উদ্ধার করে।
এ দিকে এমন ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ায় সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাশআপাশি এ ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ঘটনার সম্পর্কে অভিযুক্ত সাহাবুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাহাবুবুর রহমান বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



