ধূমকেতু প্রতিবেদক : শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পরিদর্শনকালে তাঁরা শহীদ জিয়া শিশুপার্কের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় শহীদ জিয়া শিশুপার্ককে আরও আকর্ষণীয়, আধুনিক ও শিশু-বান্ধব করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে দুপুর সাড়ে ১২টায় নগরীর তালাইমারি এলাকায় আধুনিক স্লটার হাউজ (কসাইখানা) নির্মাণের স্থান পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান।



