ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের প্রধান অস্ত্র প্রশিক্ষক ও ব্যাটালিয়ন কমান্ডার মরহুম গাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া করেছে প্রথম আলো বন্ধুসভা, সিরাজগঞ্জ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া কবরস্থানে গাজী লুৎফর রহমান অরুণের কবর জিয়ারত করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এ সময় তাঁরা কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।গাজী লুৎফর রহমান অরুণ ১৯৪৭ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পলাশডাঙ্গা যুব শিবিরে প্রধান অস্ত্র প্রশিক্ষক ও ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পরও তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বীর এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, সিরাজগঞ্জ।
কবর জিয়ারত শেষে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা বলেন, “যে জাতি বীরদের সম্মান করে না, সে জাতির উন্নতি অনিশ্চিত।” মুক্তিযুদ্ধের বীরদের স্মরণ করা এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। তাঁদের আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা, সিরাজগঞ্জের উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য কাউসার আহমেদ এবং সদস্য মো. মনজুর আলম।
দোয়া শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


