ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুই শতাধিক ভ্যান নিয়ে শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা করেছেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এসএম খালেক উজ জামান রঞ্জু।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌগ্রাম থেকে তাঁর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। দুই শতাধিক ভ্যানের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথে পথে স্থানীয় লোকজন ও ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি। পরে শোভাযাত্রাটি বড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফটিক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডাবলু, সাবেক ইউপি সদস্য কেএম আকতার হোসেন, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব কেএম ইমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



