ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই মডেল ও উপস্থাপিকা। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। কয়েক বছর আগে অস্ত্রোপচারও করানো হয়।
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হয় তার। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে কাজ করেছেন তুলনা আল হারুন। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। শোবিজে কাজের সুবাদে সহকর্মী ও অনুরাগীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তুলনা।



