ধূমকেতু প্রতিবেদক,বাঘা : সিরাজগঞ্জে বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ রফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক হিসেবে মামুন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ রজব আলী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে এ মিলনমেলা ও কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় নবগঠিত কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মানিক সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক ও নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের নানা সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস।
এ সময় বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুখ পাখি রেড লাভের সমন্বয়ক রাসেল রহমানসহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মিলনমেলার মাধ্যমে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।



