ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী অবিলম্বে পদত্যাগ না করলে আগামীতে আরও বড় মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ ও গ্যাস-সংকটে মানুষের জীবন এখন চরম নাজেহাল। তিনি অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। এই ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে বলে তিনি দাবি করেন।
দাবি আদায় না হলে রাজপথে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল আরও বড় হবে এবং আমরা তারেক রহমানকে ঘেরাও করব। এ ছাড়া সংবিধান সংস্কারের জন্য বর্তমানে যে কমিটি গঠন করা হয়েছে, সেটি বাতিল করে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের জোর দাবি জানান তিনি।
সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তাঁদের পরিকল্পনা কেবল দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব ঘিরে আবর্তিত।” বিএনপির ভেতরে একটি ‘নব্য স্বৈরাচারের’ উত্থান হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচারের দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, যে বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা কীভাবে দেশের জনগণকে রক্ষা করবে? এ সময় তিনি অভিযোগ করেন-সীমান্তে হত্যা, হিন্দুদের নিয়ে নানামুখী চক্রান্ত এবং পাহাড়ে অশান্তি সৃষ্টির মাধ্যমে সুকৌশলে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।



