ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ি বকাঝকা করেছে। এ ঘটনায় শাশুড়ির উপর অভিমান করে বিষ পান করে সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বিলছাড়া গ্রামে।
নিহত সাহানাজ খাতুন বিলছাড়া গ্রামের মো. জালাল উদ্দিনের স্ত্রী এবং মো. সাইদুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১০ টার দিকে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে সাহানাজের শাশুড়ি তাকে বকাঝকা করেন। এ ঘটনায় অভিমান করে তিনি বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।#


