ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শুভ উদ্বোধন করা হয়েছে বহুল প্রত্যাশিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিরাজগঞ্জ সদর একাদশ ও উল্লাপাড়া একাদশ। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত হতে হবে। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করার মতো প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে সব দলের খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ,সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, প্রমুখ ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ. ম. রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহবায়ক সজিব সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, জেলার ফুটবল প্রতিভা বিকাশ, তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়া মনস্কতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ প্রতীক্ষার পর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা ওঠায় সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলার মধ্য দিয়ে এ আয়োজন জেলার ফুটবলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
খেলায় উভয় দল ১টি করে গোল করায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে উল্লাপাড়া উপজেলা ৪-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়।



