ধূমকেতু প্রতিবেদক : ইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে রাজশাহী স্কেটিং ক্লাব। প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট তিনটি পদক অর্জন করেছেন ক্লাবটির প্রতিযোগীরা।
গত ৬ নভেম্বর ঢাকার জাতীয় স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের ভেন্যুতে শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব, ঢাকার আয়োজনে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে দেশের ২২টি স্কেটিং ক্লাব অংশগ্রহণ করে।
রাজশাহী স্কেটিং ক্লাবের সভাপতি মো. ইব্রাহিম হায়দারের নেতৃত্বে আটজন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে ৪–৬ বছর বয়সী ক্যাটাগরিতে মো. সাদ স্বর্ণপদক, ৬–৮ বছর বয়সী ক্যাটাগরিতে মো. আবু তালহা রৌপ্যপদক এবং সিনিয়র ক্যাটাগরিতে মো. আজিজুল হাকিম রৌপ্যপদক অর্জন করেন।
তিনটি পদক অর্জনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে রাজশাহী স্কেটিং ক্লাব। বিশেষ করে শিশু ও সিনিয়র—উভয় পর্যায়ে পদক অর্জন ক্লাবটির প্রশিক্ষণ কার্যক্রম ও খেলোয়াড় তৈরির উদ্যোগের ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ অর্জনে রাজশাহীর বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ক্লাবের পক্ষ থেকে রাজশাহী স্কেটিং ক্লাবের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহীর স্কেটাররা আরও সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


