ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রায়হান উদ্দিন (চান মিয়া)। দলীয় মনোনয়ন পেতে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার জানান দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। তাঁর কাছ থেকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন মোঃ রায়হান উদ্দিন (চান মিয়া)।
চান মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতা ও মামলার মুখোমুখি হয়েছেন বলে তাঁর সমর্থকেরা জানান। তাঁর রাজনৈতিক জীবনে কারাবরণ ও মামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রায়হান উদ্দিন (চান মিয়া) বলেন, খোকশাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, উন্নত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। জনগণের সেবা করার মানসিকতা নিয়েই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দেব। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
দলীয় মনোনয়ন পেলে এলাকার ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাঁকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, বেগম খালেদা জিয়া পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম (রাসেল), ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বেল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান (খোকা), ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম মনজু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান লিমন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অমর আলী, সাংগঠনিক পদপ্রার্থী ফিরোজ মাহমুদ, সভাপতি পদপ্রার্থী হাসমত আলী সুমন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সেখ, আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেনসহ লেবু মোল্লা, ফিরোজ খন্দকার, ফজলু সেখ, আল মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান উদ্দিন চান মিয়া ও তাঁর সমর্থকেরা।



