ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত ‘স্মার্ট-ক্যাটল অ্যান্ড বাফেলো’ উপপ্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রম ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তাঁরা এনডিপির ক্ষুদ্র উদ্যোক্তা হাসমত আলী ও মিজানুর রহমানের মডেল ডেইরি খামার ঘুরে দেখেন। সেখানে সৌরশক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির মাধ্যমে খামারের কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। প্রযুক্তির কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।এনডিপি সূত্রে জানা যায়, স্মার্ট ডেইরি প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন উদ্যোক্তার খামারে মোট ২৬৫ দশমিক ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে আরও ২৩৮ জন উদ্যোক্তার খামারে ৩৮৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক খামারের বর্জ্য ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন। এ সময় খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন এবং তা বিভিন্ন কাজে ব্যবহারের পদ্ধতি প্রদর্শন করা হয়। পরিবেশবান্ধব এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক এনডিপির স্মার্ট ডেইরি প্রকল্পের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালেক আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নেট মিটারিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দেন তিনি। এ ধরনের উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ আরও সম্প্রসারণের মাধ্যমে অধিকসংখ্যক ক্ষুদ্র উদ্যোক্তাকে উপকৃত করার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।



