ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর পর্যন্ত চলমান জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের অ্যাক্টিভিজমের উদ্যোগ হিসাবে বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাক্ষর সংগ্রহ কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী, যুব প্রতিনিধি, লোকমোর্চা সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মসূচী উপলক্ষে সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা চত্বরে র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। এরপর র্যালিটি মহাদেবপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসডিও-গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, উপজেলা লোকেমার্চা কমিটির চেয়ারপার্সন সাংবাদিক মো. লিয়াকত আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারীদের উপর যে সকল নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটছে তার প্রতি সংবেদনশীল হওয়া এবং কমিয়ে আনার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান। আলোচনা সভা শেষে লোকমোর্চা ও যুব প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন।
উল্লেখ্য বিএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।#



