ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর হাজী শেখ আলম উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ মাটির ভবনটি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।
নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক লাখ ৬২ হাজার টাকায় বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি কিনে নেন দেলুয়াবাড়ি বাজার এলাকার লাল মিয়া নামে এক ব্যক্তি। উক্ত উন্মুক্ত নিলামে ৯জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন সরদার এবং প্রধান শিক্ষক আবু সাঈদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ মাটির ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে বিধি মোতাবেক ঘরটি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ভবনটি বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা দর হাঁকিয়ে ভবনটি কিনে নেন লাল মিয়া।



