ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা। পূজা ও মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন মেলা উপভোগ করতে।
শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায়সহ কমিটির অন্যান্য সদস্য।
১০ দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী বউ-মেলা। মেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, মনোহারি সামগ্রী ও বাহারি খাবারের দোকান নিয়ে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পসরা সাজিয়েছেন।
মেলায় বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পেরে আনন্দিত দর্শনার্থীরা।
ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত বলেন, ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও বউ-মেলা সফল করতে মন্দির কমিটি এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ১০ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকার ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য আর গ্রামীণ উৎসবের মেলবন্ধনে রাঙ্গামাটির বোল্লাকালী পূজা ও বউ-মেলা এখন স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।



