IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক

বদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সরকারি খাদ্যগুদামে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিনেই অনিয়ম ও কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (এলএসডি) আতিকুর রহমান। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর না থাকা সত্ত্বেও রেজওয়ান হোসেন সবুজ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করে সরকারি গুদামে রাখা হয়েছে। অথচ ওই ব্যক্তির দাবি, নিজের জমির আমন ধান এখনো কাটেননি তিনি।

ঘটনাটি ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বাজার থেকে কেনা নিম্নমানের ধান সরকারি গুদামে সরবরাহের মাধ্যমে একটি অসাধু চক্র সরকারি ধান সংগ্রহ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে কি না, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

উদ্বোধনী অনুষ্ঠানে বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামের আজাদ আলীর ছেলে রেজওয়ান হোসেন সবুজ সরকারি খাদ্যগুদামে ৩ টন ধান সরবরাহ করেন। ধান সরবরাহের প্রক্রিয়ায় অসংগতি ও নানা প্রশ্ন দেখা দিলে উপস্থিত সাংবাদিকদের সন্দেহ হয়। পরে তাকে ধানের উৎস ও জাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে সবুজ গুদামে ধান দেওয়ার কথা স্বীকার করেন। তবে ধানের জাত সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু ‘মোটা ধান’ বলে উল্লেখ করেন; নির্দিষ্ট জাতের নাম জানাতে পারেননি।

নিজের জমির ধান কাটা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, “জমিতে ধান লাগিয়েছি, কিন্তু এখনো কাটিনি।”
তাহলে নিজের জমির ধান না কেটেই ৩ টন ধান সরকারি গুদামে সরবরাহ করলেন কীভাবে এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।

ঘটনার সত্যতা যাচাইয়ে জন্য এই প্রতিবেদক সরেজমিনে সোহাসা গ্রামে রেজওয়ান হোসেন সবুজের বাড়িতে যান। সেখানে তার মা মাহফুজা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি আমন মৌসুমে তাঁদের দুই বিঘা জমিতে আতব ধান চাষ করা হয়েছে। মোটা ধান চাষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাত্র ১৫ কাঠা জমিতে মোটা ধান লাগানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জমির ধানই কাটা হয়নি।

অন্যদিকে, গ্রামের বাসিন্দা সুজন, বেলাল ও মোস্তাফিজুরসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, রেজওয়ান হোসেন সবুজ ও তাঁর বাবা আজাদ আলী একই সংসারে বসবাস করেন। তাঁদের নিজস্ব জমির পরিমাণ আনুমানিক দুই বিঘা।

স্থানীয়দের এসব বক্তব্য এবং সবুজের নিজের স্বীকারোক্তি ৩ টন ধানের উৎস নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

খাদ্যগুদাম অফিসে খোঁজ নিয়ে রেজওয়ান হোসেন সবুজের নামে তিন ধরনের কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো হলো— উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতির বরাবর ধান বিক্রির আবেদনপত্র, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের একটি প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি।

তবে অনুসন্ধানে অভিযোগ উঠেছে, ধান বিক্রির আবেদনপত্র ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রত্যয়নপত্র এই দুটি গুরুত্বপূর্ণ নথিতেই সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর নেই।

প্রশ্ন উঠেছে, স্বাক্ষরবিহীন আবেদন ও প্রত্যয়নপত্রের ভিত্তিতে কীভাবে একজন ব্যক্তির কাছ থেকে সরকারি গুদামে ৩ টন ধান সংগ্রহ করা হলো? এসব নথি যাচাই-বাছাই না করেই ধান গ্রহণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অনুসন্ধানে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, গুদামে সরবরাহ করা ধানগুলো মূলত ‘গুটি স্বর্ণা’ জাত সেটি খোলাবাজার থেকে কেনা ধান। আরও অভিযোগ রয়েছে, সরবরাহ করা ধানগুলো কিছু কালো ও চিটাযুক্ত।

সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত মান ও আর্দ্রতার শর্ত পূরণের কথা থাকলেও এই ধান কীভাবে মান যাচাইয়ের প্রক্রিয়া অতিক্রম করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ধানের প্রকৃত মান, উৎস ও সংগ্রহ প্রক্রিয়া যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
স্থানীয় প্রকৃত কৃষকদের অভিযোগ, আমন মৌসুমের শুরুতেই একটি অসাধু চক্র খোলাবাজার থেকে কম দামে নিম্নমানের ধান কিনে কথিত কৃষকের নামে সরকারি খাদ্যগুদামে সরবরাহ করছে। এতে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিনেই এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ধান বিক্রির আবেদনপত্র ও কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আতিকুর রহমান বলেন, “আমি ইউএনওকে বলেছি এবং কৃষি অফিসারের সঙ্গে কথা বলেই ধান নিয়েছি।”

এ ঘটনার পেছনে আপনার সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় কয়েকজন কৃষক ও বাসিন্দার অভিযোগের বলে জানতে চাইলে তিনি বলেন, “এটি আপনার অযৌক্তিক কথা। কৃষক আমার কাছে বলেছে, সে নিজে দিতে এসেছে। আপনার কাছে কী বলেছে, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার।”

প্রত্যয়নপত্রের বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারিভাবে কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামে আমন ধান সংগ্রহের জন্য আমি এখন পর্যন্ত কোনো কৃষককে কোনো প্রত্যয়ন দিইনি ও এবিষয়ে আমার সঙ্গে কারও কোনো কথাও হয়নি।”

গত শুক্রবার (২৭ শে নভেম্বর) খাদ্যগুদামে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিনে ৩ মেট্রিক টন ধান সরবরাহকারী কৃষক তাঁর কাছে কোনো আবেদন করেছিলেন কি না, জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইসরাত জাহান ছনি বলেন, “আমার বরাবর কোনো আবেদন করেনি। এটা কৃষি অফিসারের কাছে করতে হয়। এরপর কৃষি কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে ধান দিতে হয়।”

তবে খাদ্যগুদাম অফিসে রেজওয়ান হোসেন সবুজের নামে তাঁর বরাবর একটি আবেদনপত্র, কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র এবং এনআইডির ফটোকপি পাওয়ার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে আবেদনপত্র ও প্রত্যয়নপত্রে কোনো স্বাক্ষর না থাকার বিষয়টি তুলে ধরলে ইউএনও বলেন, “ঠিক আছে, দেখতে হবে। দেখে বলতে হবে।”

স্থানীয় ও সচেতন মহলের দাবি, বদলগাছী খাদ্যগুদামে সরবরাহ করা ৩ টন ধানের প্রকৃত উৎস, মান যাচাই, কৃষকের যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে ধান সংগ্রহের পুরো প্রক্রিয়ায় কোনো অসাধু চক্র বা দায়িত্বে অবহেলার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

তাঁদের দাবি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন,নিজের জমির ধান না কেটেই ৩ টন ধান সরকারি গুদামে সরবরাহের সুযোগ কীভাবে তৈরি হলো? আর স্বাক্ষরবিহীন কাগজপত্রের ভিত্তিতে সেই ধান গ্রহণ করা হলো কীভাবে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31