ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ‘মেধায় স্বীকৃতি, সাফল্যের উদযাপন, বিদায়ের স্মৃতি আর আগামীর স্বপ্ন’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতন ভূমিকা একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল-হেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা রেশমা আহমেদ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে বার্ষিক ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


