ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের মাটিবাহী ট্রাক্টরের অবাধ বিচরণে গ্রামীণ সড়কে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে এলাকাবাসীসহ ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ থেকে পরিত্রাণ পেতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেন গ্রামবাসী। তবে লিখিত দেয়ার পরও কোনো সুফল হয়নি বলে তারা অভিযোগ তুলেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারইপাড়া গ্রামের আব্দুস সালাম ফসলী জমিতে বিশাল পুকুর খনন করছেন। আর ওই পুকুরের মাটি বহন করতে বিভিন্ন ইটভাটার শতাধিক ট্রাক্টর প্রতিদিন ভোর থেকে গভীররাত পর্যন্ত যাতায়াত করছে পূর্বকাঠালবাড়িয়া-পীরগাছা সড়ক দিয়ে। এতে করে ওই সড়কটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নিয়ন্ত্রণহীন ওই ট্রাক্টরের অবাধ যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের সাধারণ মানুষ।

গ্রামবাসী জহুরুল ইসলাম বলেন, গত ১ ফেব্রুয়ারী গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছি। অভিযোগ করেও এর কোন প্রকার সুফল গ্রামবাসী পায়নি। বরং উল্টা পুকুর মালিকদের রোষানলে আমরা আরো বেশি ভোগান্তিতে পড়েছি। প্রতিবাদ করতে গেলে পুকুর মালিক আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, বিষয়টি আমি দেখবো।


